August 30, 2026

নতুন কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের পাল্টা কমিটি গঠন

0
og_1788105205_6a9451f5628dc.jpeg


পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বাতিল না করায় পদবঞ্চিত নেতাকর্মীরা পাল্টা কমিটি ঘোষণা করেছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে জাকারিয়া পিন্টু ২৪ সদস্যের উপজেলা এবং ২২ সদস্যের পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

এর আগে, গত ১৬ আগস্ট পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। ১৬ আগস্ট অনুমোদন হলেও কমিটি প্রকাশ করা হয় ২২ আগস্ট।

কমিটি প্রকাশের পর থেকেই জাকারিয়া পিন্টুর অনুসারী ও পদবঞ্চিত নেতাকর্মীরা তা বাতিলের দাবিতে বিক্ষোভ, পথসভা ও সংবাদ সম্মেলন করেন। একই সঙ্গে জেলা বিএনপিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি বাতিল না হওয়ায় তারা নিজেদের উদ্যোগে নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণার আগে জাকারিয়া পিন্টু বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন-সংগ্রামে যারা অংশ নিয়েছেন এবং জেল-জুলুম, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, ত্যাগী ও পরিশ্রমী সেই নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার তৃণমূল বিএনপির নেতাকর্মীদের চাহিদার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে পৌর ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করবে। এরপর তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ঘোষিত ২৪ সদস্যের ঈশ্বরদী উপজেলা বিএনপির কমিটিতে মো. জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক এবং সাহাবুদ্দিন সেন্টু সরদারকে সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আমিনুল ইসলাম কেনেডি, আক্কাস আলী খান, জাহাঙ্গীর হোসেন খান, আবু বক্কার সিদ্দিক তুফান ও মজিবর রহমানকে।

২২ সদস্যের ঈশ্বরদী পৌর বিএনপির কমিটিতে ইসলাম হোসেন জুয়েলকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন জনিকে সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শ্রী বৃষ্টু কুমার সরকার, আমিনুল ইসলাম স্বপন, নান্নু রহমান, ইলিয়াস হোসেন এলবাস, আবু বক্কর সিদ্দিক বেল্ট, আব্দুর রাজ্জাক ও খন্দকার তৌফিক আলম সোহেলকে।

অন্যদিকে, গত ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার স্বাক্ষরিত দুই সদস্যের আংশিক ঈশ্বরদী উপজেলা বিএনপির কমিটিতে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব করা হয়।

একই দিনে অনুমোদিত ঈশ্বরদী পৌর বিএনপির আংশিক কমিটিতে মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক এবং ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব করা হয়।

ফলে একই সময়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির দুটি করে কমিটি নিয়ে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে বিভাজন তৈরি হয়েছে।

শেখ মহসীন/কেএইচকে/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *