September 12, 2026

হাসপাতালে পুলিশ কর্মকর্তা, ফাঁকা বাড়িতে চোরের হানা

0
og_1789236329_6aa594694f475.jpeg


মুন্সিগঞ্জের শ্রীনগরে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বাড়ির মালিক তোতা মিয়া জানান, তার ছেলে মোহাম্মদ মতিউর রহমান (উজ্জ্বল) বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ছেলেকে দেখতে পরিবারের সদস্যরাও ঢাকায় অবস্থান করছিলেন।

এ সুযোগে ফাঁকা বাড়িতে কৌশলে চোর চক্রের সদস্যরা প্রবেশ করে দরজা ভেঙে বসত ঘরের ভেতরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।

তোতা মিয়ার দাবি, চুরির ঘটনায় তার পরিবারের প্রায় ৮ লাখ টাকার মালামাল খোয়া গেছে।

তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে একই এলাকায় প্রতিবেশী জাহাঙ্গীর মৃধার বাড়িতেও একইভাবে চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় স্থানীয় একজনকে আটক করা হয় এবং আরও কয়েকজনের নাম উঠে আসে। পরে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছিল।

আগের ওই চুরির ঘটনায় জড়িতদের কেউ তার বাড়িতে চুরি করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তার।

পুলিশ সদস্যের বাড়িতে চুরির এমন ঘটনায় স্থানীয় বলছেন, সম্প্রতি ভাগ্যকূল ও মান্দ্রা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে গেছে। পাশাপাশি মাদক ও অনলাইনে জুয়ায় জড়িয়ে পড়েছে অনেকে। তাই আগের তুলনায় চুরির মতো অপরাধ বেড়ে গেছে। তাদের দাবি, এসব রুখতে প্রশাসনের সঠিক নজরদারি প্রয়োজন।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান জাগো-নিউজকে জানান, এঘটনায় তদন্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

শুভ ঘোষ/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *