নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লোহাগাড়ায় কারখানা বন্ধ
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের একটি কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আধুনগর বাজারে অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারখানাটিতে কোনো বৈধ অনুমোদন ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ উৎপাদিত আইসক্রিম ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন মালামাল পাওয়া যায়। পরে সেগুলো ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটির মালিক মো. আব্দুল মান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব সারোয়ারসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বায়েজীদ বিন আখন্দ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভেজাল পণ্য বাজারজাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল পণ্য রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এমআইএইচএস
