August 31, 2026

রাজপথে চাকরিপ্রার্থীরা, অবরুদ্ধ কলকাতা

0
sealdah-mtgvu2ips9ewx1i-20260831125521.jpg


পুলিশের পোশাক পরার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা। লিখিত পরীক্ষা হয়েছে, শারীরিক সক্ষমতার পরীক্ষা শেষ। এরপর সাক্ষাৎকারও দিয়েছেন। তবু হাতে আসেনি নিয়োগপত্র। সময় গড়িয়েছে, সামনে এসেছে দুর্গাপূজা। এবার আর অপেক্ষা না করে চাকরির ফল প্রকাশের দাবিতে রাজপথে নেমেছেন চাকরিপ্রার্থীরা।

সোমবার (৩১ আগস্ট) কলকাতার শিয়ালদহ থেকে ধর্মতলার চৌমাথা পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের চাকরিপ্রার্থীরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার চাকরিপ্রার্থী এই মিছিলে অংশ নেন।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সাক্ষাৎকার শেষ হওয়ার পরও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।

সোমবারের মিছিলে চাকরিপ্রার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার। সেখানে লেখা ছিল, ‘এবার পূজায় উর্দি চাই’ এবং ‘অপেক্ষা আর করছি না, রেজাল্ট ছাড়া যাচ্ছি না।’

চাকরিপ্রার্থীদের দাবি, দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ করে দুর্গাপূজার আগেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে।

অবরুদ্ধ ধর্মতলা, ভোগান্তিতে সাধারণ মানুষ

চাকরিপ্রার্থীদের বিশাল মিছিল ও বিক্ষোভের কারণে ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত।

২০২৪ সালে নিয়োগের বিজ্ঞপ্তি

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য ২০২৪ সালে রাজ্য সরকারের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এরপর ২০২৫ সালের নভেম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে শারীরিক সক্ষমতার পরীক্ষায় অংশ নিতে হয়।

সফল চাকরিপ্রার্থীদের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।

চাকরিপ্রার্থীদের দাবি, সাক্ষাৎকার পর্বও শেষ হয়েছে। কিন্তু এরপরও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।

নির্বাচনের পর ফল প্রকাশের আশ্বাস

চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তখন প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল, নির্বাচন শেষ হওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশ এবং নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু মে মাসে নির্বাচনের ফল প্রকাশের পরও কয়েক মাস পেরিয়ে গেছে।

আগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর শুরু হতে চললেও এখনো চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

‘এবার পুজোয় পুলিশের উর্দি পরতে চাই’

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের একজন উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা সৌমেন বিশ্বাস। তিনি বলেন, সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তার আগেই রাজ্য সরকারকে নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

তার কথায়, ‘এবার পূজায় পুলিশের উর্দি পরে আমরা কর্তব্য পালন করতে চাই।’

ডিডি/কেএএ/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *