রশিদ জালিয়াতি-চড়া দামে সার বিক্রির দায়ে ৫ দোকানদারকে জরিমানা
বগুড়ার শেরপুরে সারের অবৈধ মজুত, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও মূল্য জালিয়াতির বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিস।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শেরপুর উপজেলার মির্জাপুর বাজার ও চক পাথালিয়া এলাকায় পরিচালিত অভিযানে পাঁচটি সারের দোকানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার।
সূত্র জানায়, কয়েকটি দোকানে অনিয়মের খবর পেয়ে সোমবার মির্জাপুর বাজার ও চক পাথালিয়া এলাকায় পরিদর্শনে যায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শেরপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। অভিযানে ভুয়া বিক্রয় রশিদ তৈরি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অনুমোদন ছাড়া সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির সত্যতা পাওয়া যায়। এসব অপরাধে মির্জাপুর বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং চক পাথালিয়া এলাকার দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে শেরপুর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রুবেল আমিনসহ জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, কৃষকদের সুরক্ষা দেওয়া এবং সারের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
এসজেডএইচ/এএসএম
