September 1, 2026

বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

0
og_1788182186_6a957eaa69d46.jpeg


 

দুর্নীতি, ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব বিপ্লব বড়ুয়া এবং তার পরিবারের তিন সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) ও অনুসন্ধান টিমের দলনেতা মো. জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আদালতের আদেশে বিপ্লব বড়ুয়া ছাড়াও তার ভাই বিদ্যুৎ বড়ুয়া, স্ত্রী সোমা বড়ুয়া এবং ভাইয়ের স্ত্রী অগ্নি বড়ুয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, বিপ্লব বড়ুয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগের অনুসন্ধানে তাদের নিজ নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবে এসব অর্থের লেনদেনের তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে দুদক।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে বিপ্লব বড়ুয়া ও তার পরিবারের তিন সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

এমডিএএ/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *