August 31, 2026

নজরুলের আদর্শে অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

0
og_1788172561_6a955911db900.jpeg


 

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্কে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাহাদুর শাহ্ পার্কে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের জাতীয় কবি নন, তিনি সাম্য, মানবতা ও প্রতিবাদের প্রতীক। অন্যায়, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে তার লেখনি মানুষকে সাহস জুগিয়েছে।

তিনি বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন তরুণদের অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নজরুলকে শুধু বই পড়া কিংবা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার আদর্শকে বাস্তব জীবনে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নজরুলের চেতনা শুধু সাহিত্য ও সংস্কৃতির বিষয় নয়; তার সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার শিক্ষা সমাজ ও ব্যক্তিজীবনেও প্রয়োগ করা প্রয়োজন।

তিনি বলেন, আজ কে বিজয়ী হলো, সেটি বড় কথা নয়। এই আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা হলো, শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হচ্ছে এবং তার চেতনাকে নিজেদের মধ্যে ধারণ করার সুযোগ পাচ্ছে।

ঢাকা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি হেলাল খান।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশন এবং নজরুলের সাহিত্যভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আয়োজকেরা জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতার আয়োজন নয়; বরং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক মূল্যবোধ আরও জোরালো করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এমডিএএ/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *