এসএসসি-দাখিলে একই প্রশ্নপত্রে পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ
২০২৭ সালের মার্চে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। এতে প্রথমবারের মতো এসএসসি ও দাখিলে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এটিকে অভিন্ন প্রশ্নপত্র বলে অভিহিত করা হচ্ছে।
অভিন্ন এ প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এসএসসির বিষয় কোডের সঙ্গে মাদরাসা শিক্ষার দাখিল স্তরের বিষয় কোড সমন্বয় করে নতুন বিষয় কোড প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বিষয় কোড ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা থেকে কার্যকর হবে। মাদরাসার দাখিল স্তরের বিষয়সমূহের পুরোনো বিষয় কোড ও নতুন কোড সংবলিত তালিকা প্রকাশ করা হলো। পুনর্নির্ধারিত বিষয় কোডসমূহ নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে দাখিল পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে।

এতে আরও বলা হয়, দাখিল পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদপত্র এবং পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সব কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের বিষয় কোড বহাল থাকবে।
এএএইচ/বিএ
