এইচপির ক্যাম্প হচ্ছে না, পেসারদের সঙ্গে কাজ করবেন মারিও
ছয় বছর পর বাংলাদেশ ক্রিকেটে ফিরে এবার এইচপির পেসারদের নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন মারিও বিল্লাভারায়ন। বিসিবির রিহ্যাবিলিটেশন সেন্টারের দায়িত্ব নেওয়া এই শ্রীলঙ্কান ট্রেনার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগে পেসারদের ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও সামগ্রিক প্রস্তুতিতে যুক্ত থাকবেন।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে পেসারদের নিয়ে বিশেষ এই কার্যক্রম শুরু হওয়ার কথা। আসন্ন প্রথম শ্রেণির মৌসুমকে সামনে রেখে এইচপির পেসারদের প্রস্তুতি আরও গোছানোভাবে সম্পন্ন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ক্যাম্পে মারিওর পাশাপাশি কাজ করবেন এইচপির পেস বোলিং কোচ ও সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার কোরি কলিমোর। পেসারদের সঙ্গে থাকবেন দলের ট্রেনার ও ফিজিওরাও।
চলতি মাসের ১২ তারিখ থেকে এইচপির পূর্ণাঙ্গ অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি সামনে থাকায় আপাতত ৩০ জনের বেশি ক্রিকেটার নিয়ে ক্যাম্প করার পরিকল্পনা থেকে সরে এসেছে এইচপি বিভাগ। এর পরিবর্তে এনসিএল শুরুর আগ পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক পেসারকে নিয়ে কাজ চালিয়ে যাবেন কোচিং স্টাফরা।
বিশেষ এই ক্যাম্পে থাকবেন রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, চৌধুরি রিজওয়ান, আসাদুলহিল গালিব, সফর আলি, আশিকুরজ্জামান, আব্দুল গাফফার সাকলাইন, আনামুল হক ও রেজাউর রাজা। সব মিলিয়ে ১০ থেকে ১২ জন পেসারের এই কার্যক্রমে থাকার কথা রয়েছে।
ক্যাম্পে মূলত এনসিএলের আগে পেসারদের শারীরিক সক্ষমতা, ওয়ার্কলোড এবং ম্যাচের জন্য প্রস্তুতির বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে। এনসিএল শুরু হলে ক্যাম্পে থাকা ক্রিকেটাররা নিজ নিজ দলে যোগ দেবেন। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শেষ হওয়ার পর নতুন করে এইচপির পূর্ণাঙ্গ ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেটি আগামী বছরের শুরুতে হওয়ার সম্ভাবনাই বেশি।
এসকেডি/এমএমআর
