উজানের ঢলে পদ্মায় পানি বাড়ছে, চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
উজান থেকে নেমে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বাড়তে শুরু করেছে পদ্মা নদীর পানি। এতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে। পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পানির নিচে রয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতেও। পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। এরই মধ্যে পাঁকা ইউনিয়নসহ নদী-তীরবর্তী বিভিন্ন এলাকার অন্তত পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি দ্রুত কমে না এলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
পানিবন্দি মানুষের সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি নিয়ে। পানির উৎসগুলো ডুবে যাওয়ায় নিরাপদ পানি সংগ্রহ করতে দূরের এলাকায় যেতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে। পাশাপাশি পানিতে তলিয়ে যাওয়ায় ফসলেরও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে পুরো গ্রাম পানিতে ডুবে আছে। বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে খাবার পানির।’
রূপালি বেগম নামের এক নারী বলেন, ‘হঠাৎ করে বাড়ির চারপাশে পানি বাড়তে বাড়তে থাকে। একপর্যায়ে ঘরের ভেতরেও পানি ঢুকে গেছে। এখন ঘরের মেঝেতে পানি জমে আছে। রান্না করার মতো কোনো জায়গা নেই। চুলা বসানোরও সুযোগ নেই। পরিবারের সদস্যদের নিয়ে কোথায় রান্না করব, কীভাবে খাবার তৈরি করব—সেটাই এখন বড় চিন্তা।’
এ বিষয়ে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘পানিবন্দি পরিবারগুলোর তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়েছে।’
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্লাবিত এলাকায় শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। পানিবন্দি মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, উজানের ঢলে পদ্মা নদীর পানি বেড়েছে। তবে পানি দ্রুত কমে আসার সম্ভাবনা রয়েছে। ফলে বড় ধরনের বন্যার আশঙ্কা আপাতত নেই। বর্তমানে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোহান মাহমুদ/এসআর

