August 31, 2026

থানা হাজতে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন আসামিরা, ভিডিও ভাইরাল

0
bhoirab-20260722170514.jpg


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির সময় আটক ১০ কিশোর-তরুণের থানা হাজতে বসে মোবাইলে ধারণ করা ‌‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভেতরে এ ঘটনা ঘটে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। ভিডিওটি ‘আজমেরী ওসমান’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিরা হাজতের ভেতরে হাতে মোবাইলফোন কীভাবে পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে ১০ জনকে আটক করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। তাদের একজন নগরীর পাইকপাড়া এলাকার বাসিন্দা। বাকিরা ফতুল্লার বিসিক এলাকার বাসিন্দা। আটকের পর তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় শনিবার রাতে ওই ১০ জনকে আটক করা হয়েছিল। তারা থানা হাজতে ছিলেন। তাদের বয়স ১৮ থেকে ১৯ বছর হবে। পুলিশের নিয়ম অনুযায়ী আটকের বিষয়ে অভিভাবকদের ফোন করে জানানোর।

তিনি আরও বলেন, থানার হাজতে আটক থাকায় ডিউটি অফিসার মনিরুল ইসলাম সরল বিশ্বাসে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য তাদের ফোন দিয়েছিলেন। কোনো এক ফাঁকে ওই তরুণেরা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে তা ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ডিউটি অফিসার উপপরিদর্শক(এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *