দেম্বেলের চোখে ব্যালন ডি’অরের দাবিদার হ্যারি কেইন!
একদিন আগেই ব্যালন ডি’অরের জন্য নিজেকে অন্যতম দাবিদার হিসেবে উপস্থাপন করেছেন কিলিয়ান এমবাপে। সে সঙ্গে এটাও দাবি করেছেন, নিজেকে তিনি সবসময় বিশ্বের সেরা ফুটবলার মনে করেন।
এমবাপের এমন দাবির একদিন পরই তার জাতীয় দলের সতীর্থ, ব্যালন ডি’অরের বর্তমান বিজয়ী উসমান দেম্বেলে এবারের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অরের জন্য নিজের পছন্দের তালিকা প্রকাশ করেন। যেখানে তিনি গুরুত্ব দিয়ে নাম রেখেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের নাম। তবে তালিকায় এমবাপের নামও রেখেছেন পিএসজির এই ফরাসী ফুটবলার।
২০২৫ সালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ইউরোপিয়ান ট্রেবল জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করে ব্যক্তিগত ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি জিতেছিলেন ফরাসি তারকা।
এবার অবশ্য পুরস্কারটি নিজের কাছে রাখার লড়াইয়ে তিনি একা নন। নতুন মৌসুম শুরুর আগেই সম্ভাব্য দাবিদারদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই তালিকায় ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইনের নামও রেখেছেন দেম্বেলে। তবে তার বিশ্বাস, শেষ পর্যন্ত ব্যালন ডি’অর পিএসজির কোনো খেলোয়াড়ের হাতেই থাকবে।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলের কাছে জানতে চাওয়া হয়েছিল, এবারের ব্যালন ডি’অরের জন্য তার পছন্দের সেরা তিনজন কারা। কোনো নির্দিষ্ট ক্রম না রেখে তিনজনের নাম বলেন তিনি- হ্যারি কেইন, পিএসজির জর্জিয়ান ফরোয়ার্ড খাভিচা কাভারাৎসখেলিয়া এবং ফ্রান্সের সতীর্থ কিলিয়ান এমবাপে।
তবে তিনজনের নাম বললেও দেম্বেলের ভবিষ্যদ্বাণী বেশ পরিষ্কার, ‘আমি মনে করি না এই ট্রফি নিয়ে খুব বেশি অনিশ্চয়তা আছে। আমার মনে হয়, এটি প্যারিস সেন্ট জার্মেইয়ের কোনো খেলোয়াড়ের হাতেই থাকবে।’ অর্থাৎ, গত বছর নিজে পুরস্কার জেতার পর এবারও পিএসজির কোনো খেলোয়াড়ই ব্যালন ডি’অর জিতবেন বলে মনে করছেন দেম্বেলে।
নিজেকে কেন সেরা তিনে রাখলেন না- সেটিও পরিষ্কার করেছেন ফরাসি তারকা। তার মতে, ভোট দেওয়ার সুযোগ পেলে নিজের নাম তিনি নিজেই রাখবেন না। ‘আমি কখনো এসবের মধ্যে যাই না। যদি আমিই কথা বলি, তাহলে আমি আমাকে ভোট দেব না,’ বলেন দেম্বেলে।
তবে দেম্বেলের সেরা তিনের তালিকায় জায়গা হয়নি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। সর্বশেষ কয়েক বছর ব্যালন ডি’অরের আলোচনায় নিয়মিত থাকা মেসিকে এবার নিজের তালিকায় রাখবেন কি না- এমন প্রশ্নে দেম্বেলের সরাসরি উত্তর, ‘আমার মনে হয় না।’
তবে এখানেই শেষ নয়। মাইকেল ওলিসে, লামিনে ইয়ামাল, ফাবিয়ান রুইজ এবং উইলিয়ান পাকোর নামও ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে উল্লেখ করেছেন তিনি।
কেইনকে নিয়ে দেম্বেলের প্রশংসা
দেম্বেলের তালিকায় সবচেয়ে বড় চমক অবশ্যই হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে ব্যালন ডি’অরের অন্যতম ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
দেম্বেলেও স্বীকার করেছেন কেইনের অসাধারণ মৌসুমের কথা। ‘খুব, খুব ভালো মৌসুম’ কাটানোর জন্য ইংলিশ তারকাকে পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন তিনি।
কেইনের নিজের কথাতেও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বায়ার্ন তারকা বলেন, গত মৌসুম ছিল তার ক্যারিয়ারের ‘এখন পর্যন্ত সেরা’ মৌসুম।
২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১ গোল করেছেন কেইন। শুধু ক্লাব ফুটবলে নয়, ইংল্যান্ডের নেতৃত্বও দিয়েছেন তিনি। বিশ্বকাপে ইংল্যান্ডকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই স্ট্রাইকার। সব মিলিয়ে নিজের মৌসুম নিয়ে গর্বিত কেইন। ‘অবশ্যই, আমি যে মৌসুম কাটিয়েছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত,’ বলেন তিনি।
ব্যালন ডি’অর জয়ের স্বপ্নের কথাও গোপন করেননি কেইন। একসময় গ্যালারিতে বসে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা এই ইংলিশ তারকা এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের কাতারে। তার কাছে ব্যালন ডি’অরও সেই স্বপ্নেরই অংশ।
এমবাপের আত্মবিশ্বাস
দেম্বেলের তালিকায় থাকা কিলিয়ান এমবাপেও ব্যালন ডি’অরের দাবি থেকে নিজেকে সরিয়ে রাখছেন না। বরং রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই নিজের সম্ভাবনার কথা বলেছেন। এমবাপের মতে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে খেললেই স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরের আলোচনায় চলে আসতে হয়।
‘আপনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন, বিশ্বের সেরা ক্লাবে খেলেন, তখন এসব পুরস্কারের সঙ্গে আপনার নাম জড়িয়ে যায়,’ বলেন এমবাপে।
বিশ্বকাপেও নিজের পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বড় মঞ্চে ইতিহাস গড়েছেন বলেও মনে করেন এমবাপে।
‘মানুষ যখন আমাকে রাস্তায় দেখে, অনেকেই এ নিয়ে আমার সঙ্গে কথা বলে। এই গ্রীষ্মে আমি অনেক ইতিহাস তৈরি করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়। তবে এখনো অনেক পথ বাকি।’
কে হবেন পরবর্তী ব্যালন ডি’অর বিজয়ী?
গত বছর দেম্বেলে ব্যালন ডি’অর জেতার পর এবার লড়াইটা আরও জমজমাট হওয়ার অপেক্ষায়। হ্যারি কেইনের গোলবন্যা, কিলিয়ান এমবাপের তারকাখ্যাতি, পিএসজির খেলোয়াড়দের সাফল্য কিংবা লামিনে ইয়ামালের মতো তরুণদের উত্থান- সব মিলিয়ে এবারের পুরস্কারের দৌড়ে বেশ কয়েকজনই শক্ত অবস্থানে রয়েছেন।
এরই মধ্যে দেম্বেলের ভবিষ্যদ্বাণীও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার বিশ্বাস, শেষ পর্যন্ত ব্যালন ডি’অর প্যারিসেই থাকবে। তবে সেটা তার নিজের হাতে উঠবে, নাকি পিএসজির অন্য কোনো তারকার হাতে- সেটিই এখন বড় প্রশ্ন।
ব্যালন ডি’অরের পূর্ণ মনোনয়ন তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে। এরপর ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেদিনই জানা যাবে, দেম্বেলের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়।
আইএইচএস/
