September 6, 2026

এ কী হলো? বুড়ি হয়ে গেলেন ক্যাটরিনা!

0
bubly-mtiebofkejw6c23-20260901142430.jpg


বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রীর সাম্প্রতিক একটি ভিডিও ও ছবি প্রকাশ্যে আসার পর তার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে ক্যাটরিনার সমর্থনে এগিয়ে এসেছেন অনেকেই। এমনকি ইন্ডাস্ট্রির কয়েকজনও ট্রোলারদের সমালোচনা করেছেন।

সম্প্রতি স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। এ সময় সাদা সালোয়ার-কামিজ পরা অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই নেটিজেনদের একাংশ তার চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন।

কেউ কেউ প্রশ্ন তোলেন, ‘ক্যাটরিনার এ কী হলো?’ আবার কেউ তাকে ‘বুড়ি হয়ে গিয়েছেন’ বলেও কটাক্ষ করেন। এসব মন্তব্য ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি অংশ ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে।

গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা। মাতৃত্বের পর সন্তান ও পরিবারকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। এ সময় খুব বেশি প্রকাশ্যেও দেখা যায়নি তাকে। তবে এরই মধ্যে নতুন কয়েকটি সিনেমার চিত্রনাট্য পড়া শুরু করেছেন বলে জানা গেছে।

মাতৃত্বের পর একজন নারীর শরীরে স্বাভাবিকভাবেই নানা পরিবর্তন আসে। ক্যাটরিনাকে নিয়ে করা মন্তব্যের সমালোচনা করে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়। তিনি বলেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। পোস্টপার্টাম রিকভারি এমনই দেখতে লাগে।’

শিবালিকার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার প্রশংসা করেছেন। একই সঙ্গে মাতৃত্বের পর নারীর শারীরিক পরিবর্তনকে নিয়ে কটাক্ষ না করার আহ্বানও জানিয়েছেন অনেকে।

অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয় ক্যাটরিনা কাইফ। তবে সাম্প্রতিক এই ঘটনায় তার অভিনয় বা কাজের চেয়ে শারীরিক পরিবর্তনই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এ নিয়ে ক্যাটরিনা নিজে এখনো কোনো মন্তব্য করেননি।

 

এলআইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *