৪৭ নম্বর জার্সি তুলে রাখল ত্রিনবাগো নাইট রাইডার্স, কেন?
ক্যারিবিয়ান ক্রিকেটে ডোয়াইন ব্রাভোর অবদানের স্বীকৃতি হিসেবে তার বিখ্যাত ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এখন থেকে এই ফ্র্যাঞ্চাইজির কোনো ক্রিকেটারকে ৪৭ নম্বর জার্সি পরে মাঠে দেখা যাবে না। ব্রাভোই হলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার, যার জার্সি অবসরে পাঠানো হলো।
শনিবার রাতে পোর্ট অব স্পেনে জ্যামাইকা কিংসমেনের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের ২০২৬ সালের সিপিএল ম্যাচ শুরুর আগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, ব্রাভোর অবদান পরিমাপ করার মতো নয়। তার ভাষায়, ৪৭ নম্বর জার্সি তুলে রাখা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ব্রাভোর উত্তরাধিকারকে চিরস্থায়ী করার একটি উপায়। সিপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পাওয়ার জন্য ব্রাভোর চেয়ে যোগ্য কেউ হতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি।
ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে ব্রাভোর সম্পর্ক শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়, কোচ হিসেবেও দীর্ঘ ও সাফল্যমণ্ডিত। বর্তমানে তিনি দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন।
খেলোয়াড় হিসেবে ব্রাভো সিপিএলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৫ সালে দলটির নাম যখন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিল, তখন থেকেই তার শিরোপাযাত্রা শুরু। পরবর্তী সময়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে দলকে শিরোপা জেতান তিনি।
২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক হিসেবেও সিপিএল ট্রফি জেতেন ব্রাভো। এরপর ২০২৫ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অর্থাৎ খেলোয়াড় ও কোচ- দুই ভূমিকাতেই সিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
সিপিএলে মোট ১০৭টি ম্যাচ খেলেছেন ব্রাভো। তার শিকার ১২৯ উইকেট, আর বোলিংয়ে ইকোনমি রেট ৮.৭৪। ২০২৪ সালের পর আর খেলোয়াড় হিসেবে সিপিএলে দেখা না গেলেও এখনো টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। তার ওপরে রয়েছেন সুনীল নারাইন (১৩৯) ও ইমরান তাহির (১৩৫)।
ব্রাভোর বিশেষত্ব ছিল শুধু উইকেট নেওয়া নয়, গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে ম্যাচ জেতানোর মানসিকতা। মাঠে তার উদ্যম, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সতীর্থদের উজ্জীবিত করার ক্ষমতাও তাকে আলাদা করে তুলেছে।
ব্রাভোর জার্সি অবসরে পাঠানোর অনুষ্ঠানে তার সতীর্থ ও সাবেক সতীর্থরাও আবেগঘন বার্তা দিয়েছেন। ত্রিনবাগোর বর্তমান অধিনায়ক নিকোলাস পুরান ব্রাভোকে নিজের অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। দলের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুরান বলেন, ব্রাভো তাদের পাশে থাকা একজন বড় ভাইয়ের মতো। কখনো কখনো বাবার মতো অভিভাবকের ভূমিকাও পালন করেছেন তিনি।
সুনিল নারাইনও ব্রাভোর প্রশংসা করে বলেন, তরুণ ক্রিকেটারদের জন্য তিনি পথ তৈরি করেছেন। নিজের যত্ন নেওয়া, শক্তি ধরে রাখা এবং সবকিছুতেই জয়ের জন্য লড়াই করার মানসিকতার জন্য ব্রাভোকে প্রশংসা করেন নারাইন।
আর কিয়েরন পোলার্ড স্মরণ করেছেন ব্রাভোর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং দলকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করার প্রচেষ্টার কথা। তার মতে, ব্রাভো এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছেন যেখানে ক্রিকেটাররা উপভোগের সঙ্গে খেলবেন এবং দল চ্যাম্পিয়নশিপ জিতবে।
বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিংবদন্তি ক্রিকেটারদের জার্সি অবসরে পাঠানোর নজির রয়েছে। এবার সেই তালিকায় নতুন অধ্যায় যোগ করল সিপিএলও।
ব্রাভোর ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর মধ্য দিয়ে সিপিএল ইতিহাসে প্রথমবার কোনো ক্রিকেটারের জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে রাখা হলো। ফলে ক্যারিবিয়ান ক্রিকেটে ব্রাভোর অবদান শুধু পরিসংখ্যান কিংবা শিরোপায় নয়, একটি স্থায়ী স্মারক হিসেবেও জায়গা করে নিল।
মাঠে তার খেলোয়াড়ি অধ্যায় শেষ হলেও ত্রিনবাগোর ডাগআউটে এখনো তিনি আছেন। আর ৪৭ নম্বর জার্সিটি থাকবে তার অসাধারণ ক্যারিয়ারের স্মারক হয়ে।
আইএইচএস/
