নেতানিয়াহুর স্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিরোধী নেতার, কারণ কী?
বিতর্কিত মন্তব্যের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই আল্টিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে সারা নেতানিয়াহুকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন ইয়ার গোলান।
সোমবার (৩১ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে সারা নেতানিয়াহু বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার প্রথম দিকে ইয়ার গোলান গাজা সীমান্তের কাছাকাছি এলাকায় উপস্থিত ছিলেন। তিনি ইঙ্গিত দেন, হামলার বিষয়ে অন্যদের-এমনকি প্রধানমন্ত্রী জানার আগেই গোলান সেখানে পৌঁছে গিয়েছিলেন।
এই মন্তব্যের জবাবে সারা নেতানিয়াহুকে আইনি নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান ইয়ার গোলান। বক্তব্য প্রত্যাহার করা না হলে ২৫ লাখ ইসরায়েলি শেকেল (প্রায় ৮ লাখ ২৬ হাজার ডলার) ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করবেন বলে জানান গোলান। তিনি বলেন, ক্ষতিপূরণের অর্থ নোভা উৎসবে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য দান করা হবে।
সারা নেতানিয়াহুর মন্তব্যকে ‘মিথ্যা ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে গোলান অভিযোগ করেন, ৭ অক্টোবরের ঘটনাকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। সরকার যখন নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থ হয়েছিল তখন যারা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছিলেন তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে দেখানোর চেষ্টা মেনে নেওয়া হবে না।
গোলান আরও বলেন, তার দল পরবর্তী সরকারে অংশ নিলে ৭ অক্টোবরের হামলা নিয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করবেন, সত্য প্রকাশ করবেন এবং ব্যর্থতার জন্য দায়ীদের চিহ্নিত করবেন।
ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ মেজর জেনারেল এবং ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন ইয়ার গোলান। তিনি ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত উপ-অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
কেএম
