সরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কর্তনকারী ‘নির্দিষ্ট ব্যক্তি’ করলো এনবিআর
সরকারি প্রতিষ্ঠান ও অফিস, সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ইনস্টিটিউটকে উৎসে কর কর্তনকারী ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২ সেপ্টেম্বর) এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৪২ এর ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, সব সরকারি প্রতিষ্ঠান ও অফিস, সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা এবং যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ইনস্টিটিউট কর্তৃক উৎসে কর কর্তনের কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে পৃথক আদেশ জারির মাধ্যমে তাদেরকে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪০ এর দফা (৩) এ উল্লিখিত নির্দিষ্ট ব্যক্তি হিসেবে চিহ্নিতপূর্বক উৎসে কর কর্তন ও সরকারি কোষাগারে জমাদানের আইনি দায়িত্ব দেওয়া হয়েছে।
এর ফলে এসব প্রতিষ্ঠান ও সংস্থা তাদের ওপর প্রযোজ্য ক্ষেত্রে উৎসে কর কর্তন এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়ার আইনি দায়িত্ব পালন করবে।
আদেশে উল্লেখ করা হয়েছে, উৎসে কর কর্তনের কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থেই এ নির্দিষ্টকরণ করা হয়েছে।
এসএম/এমআইএইচএস

