September 12, 2026

অভিনেত্রীর বাড়িতে ভয়াবহ চুরি

0
magna-alom-mtwuv6ouflh4xaq-20260911171246.jpg


বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে বড় ধরনের চুরির অভিযোগ উঠেছে। সোনা ও হিরের মূল্যবান গয়না চুরির ঘটনায় ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর মা আশা প্যাটেল। এ ঘটনায় তদন্তে নেমে বাড়ির এক গৃহপরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের চার্চগেটের যে বাড়িতে আশা প্যাটেল থাকেন, সেখান থেকেই মূল্যবান গয়না চুরি হয়েছে। গত জানুয়ারি মাসে ওই বাড়ি থেকে একটি হিরের বালা খোয়া যায়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ রুপি।

ওই সময় থেকেই বাড়ির গৃহপরিচারিকা সীমার ওপর সন্দেহ করেন আশা প্যাটেল। অভিযোগ, প্রায় পাঁচ-ছয় মাস ধরে ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গয়নাটি ফেরত না পাওয়ায় মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আমিশার মা।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে মেরিন ড্রাইভ থানার পুলিশ। প্রথমে অজ্ঞাতপরিচয় এক নারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় মামলা করা হয়। পরে ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে অভিযুক্তকে শনাক্ত করে।

এরপর অভিযান চালিয়ে বীরার এলাকা থেকে আমিশার বাড়ির ওই গৃহপরিচারিকাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে হাজির করা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখনো চুরি যাওয়া মূল্যবান গয়নাগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গেছে, প্রায় দেড় বছর ধরে আমিশার চার্চগেটের বাড়িতে কাজ করছিলেন সীমা। তার বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের অভিযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

চুরির ঘটনায় আমিশা প্যাটেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও, পুরো বিষয়টি এখনো পুলিশের তদন্তাধীন। গয়না উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

এমএমএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *