গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫ জন রিমান্ডে
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় গ্রেফতার ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন।
রিমান্ডে যাওয়া ২৫ জন হলেন—আব্দুর রহিম, আরাফাত, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান, মুন্না মিয়া, সামিল ইয়াসির, রাতুল, এইচ এম জাকারিয়া রহমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহম্মেদ, সোবহান, হযরত আলী, আজহারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, হাবিব সিকদার, জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারি, বাবুল, ফরিদ আহম্মেদ, ইন্দ্রনীল দেব শর্মা, নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।
মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ নেতাকর্মী সড়কের ওপর জড়ো হন।
অভিযোগ অনুযায়ী, তারা বিস্ফোরক দ্রব্য সঙ্গে নিয়ে পুলিশ প্লাজার দিকে মিছিল করে যাচ্ছিলেন। এ সময় নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলাটির তদন্তে গ্রেফতার ২৫ জনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে উল্লেখ করে পুলিশ তাদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এমডিএএ/জেএইচ
