‘আপনি আমাদের মাথা বিক্রি করছেন’ বিএনপি নেতাকে যুবদল নেতা
‘আমরা আপনাকে সম্মান দিছি, মানছি আর আপনি আমাদের সবার মাথা বিক্রি করছেন। তাই আমরা কেউ আপনার সাথে আর ঐক্যে নাই’—এ কথা বলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ককে শাসিয়েছেন যুবদলের এক নেতা।
স্থানীয় অস্থায়ী একটি বাজারে হকার ইস্যুতে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এ ঘটনায় ক্ষোভের মুখে পড়েন সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। তাকে শাসান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল বাজারে এ ঘটনা ঘটে।
এসময় বিএনপি নেতা মনিরুল ইসলাম রবিকে উদ্দেশ করে শহিদুল ইসলামকে বলতে শোনা যায়, চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিনকে আপনি পুনরায় বাজারে কেন এনেছেন? সালাউদ্দিন স্থাপনা বসানো নিয়ে একজন হকারকে মারধর করেছে। যার বদনাম আমাদের দলের ওপর যাচ্ছে। একজন বহিষ্কার ও মামলা খাওয়া ব্যক্তিকে আপনি আমাদের সাথে পরামর্শ ছাড়াই কেন পুনরায় বাজার এনেছেন? মামা, আপনাকে আমরা সম্মান দিছি আর আপনি আমাদের প্রত্যেকের মাথা বিক্রি করছেন। এরইমধ্যে সালাউদ্দিনের লোকজন সবাইকে বলে বেড়াচ্ছে, আপনি তার কাছ থেকে ৫০ হাজার টাকা খেয়েছেন।’
যুবদলের এই নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ঘাম আর রক্ত দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। উনার নির্দেশনা মোতাবেক আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি কিন্তু আপনি ওই চাঁদাবাজকে (সালাউদ্দিন) আবারও বাজার এনে বসাচ্ছেন। এছাড়াও আমরা সবাই এই বাজারেই দাঁড়িয়ে মাইকে ঘোষণা দিয়েছি যে, প্রত্যেক সচেতন নাগরিক নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তারই ধারাবাহিকতায় যে ছেলেরা চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদরকে ডেকে এনে আপনি সালাউদ্দিন মামার পায়ে ধরে ক্ষমা চাইয়েছেন কেন? এই মাফ চাওয়ানো কি আপনার ঠিক হয়েছে? আপনি এটার সমাধান দিয়ে এখান থেকে যাবেন।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিগত আওয়ামী শাসনামল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জমিতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অস্থায়ী বাজার বসিয়ে কিছুসংখ্যক ব্যক্তি চাঁদাবাজি করে আসছিলেন। আওয়ামী লীগের পতন হওয়ার পরে ব্যক্তির সংখ্যা কমলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর সাখাওয়াত স্থানীয় বিএনপির নেতাদের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। হকার ইস্যুতে সালাউদ্দিন নামের ওই বিএনপি নেতাকে গ্রেফতার করা হলে দল তাকে বহিষ্কার করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমরা সবাই প্রশাসকের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত হকারদের সিটির পরিত্যক্ত স্থানে বসার ব্যবস্থা করেছি। রবি মিয়ার প্রশ্রয়ে সেখানে চাঁদাবাজির অপরাধে বহিষ্কৃত সালাউদ্দিন তদারকি করছে। সে হকারদের মারধর করে রক্তাক্ত করেছে। মূলত রবি মিয়া সালাউদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে পুনর্বাসন করছেন।’
বক্তব্যের জন্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েলের ফোনে কলা হলেও তিনি রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জাগো নিউজকে বলেন, ‘হকার ইস্যুতে আজকের উচ্চবাক্যের ঘটনা অযথা ঘটেছে। হকার উচ্ছেদের পরে মানবিক বিবেচনায় মেয়র (প্রশাসক) লিখিতভাবে আমাকে ডিএনডি লেক অংশের মসজিদ সংলগ্নে হকার বাজার নির্মাণের নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক আমরা হকারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি। তবে সালাউদ্দিনের বিষয়টি শহিদুল আর হালিম জুয়েলের পূর্বের ঝামেলা। তারা উভয়ই বাজার থেকে দোকানদারদের কাছে থেকে টাকা উঠানোর জন্য দ্বন্দ্বে রয়েছেন।’
মো. আকাশ/এসআর/এএসএম

