ব্যক্তির কারণে কোম্পানি বন্ধ করে দেশের অর্থনীতি চলতে পারে না
ব্যক্তির কারণে কোনো কোম্পানি বন্ধ করে দিলে সে দেশের অর্থনীতি চলতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। এসময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
কোন কোম্পানি বন্ধ হলে অনেকের চাকরি চলে যাবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে যে কোনো কোম্পানিকে কোনো ব্যক্তির কারণে বন্ধ করে দিলে সেই কোম্পানিতে লোকজন চাকরি করে, সেই কোম্পানির দায় আছে, সেই কোম্পানির ঋণ পরিশোধ করতে হবে। সেই কোম্পানির অর্থনীতিতে অবদান আছে। ওই কোম্পানির এমপ্লয়মেন্টের ক্ষতি করে, বন্ধ করে দিয়ে কোনো দেশের অর্থনীতি চলতে পারে না।
তিনি বলেন, কোনো কোম্পানি বন্ধ করে দেওয়া হলে দেশের অর্থনীতির ওপর তার প্রভাব হিসাব করতে হবে। আবেগের ওপর অর্থনীতি চলে না। আইনের ওপর অর্থনীতি চলতে হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি থাকলে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, তাকে জেলে দিতে পারবেন, ফাঁসিও হবে। বাট দ্য কোম্পানি ইজ আ লিগ্যাল বডি, কোম্পানিকে সেপারেট করে… কোম্পানির কার্যক্রম চলতে দিতে হবে, সেটা যে কোম্পানিই হোক।
এমওএস/কেএসআর


