September 1, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

0
6a9680887ec9c17882482006a9680887eca1.jpg



প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ (Anda Filip)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিতি সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারাকে আরও সুগম করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেনি, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সামনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকার অটুট থাকবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের গণতন্ত্র নিয়ে প্রত্যাশা অনেক। একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে তার সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় সরকারি সেবা নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি।

সাক্ষাতে আইপিইউ সেক্রেটারি জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। ইশতেহারে শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রগতিরও প্রশংসা করে আন্দা ফিলিপ বলেন, এই ধারা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।

আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী বলেও জানান তিনি। তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন আন্দা ফিলিপ।

গণতন্ত্রকে আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী করতে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আইপিইউ সেক্রেটারি।

সাক্ষাতে নারীর ক্ষমতায়নের বিষয়টিও আলোচনায় আসে। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ তাদের উদ্যম ও আগ্রহের প্রশংসা করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির পাশাপাশি অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের অন্যতম লক্ষ্য নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ।

আমার বাঙলা/ রাব্বি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *