বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সার্ভিস লেন আগামী বুধবার (২ সেপ্টেম্বর) সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় এটিই প্রথম কোনো অংশ, যা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা থেকে আশুলিয়ামুখী যানবাহনের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘প্রকল্পের আওতায় এটিই প্রথম অংশ, যার সুফল আগামীকাল থেকে সাধারণ মানুষ পাবেন। সার্ভিস লেনটি বুধবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’
এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার জানিয়েছিলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার।
তিনি জানান, সেতু দুটি উদ্বোধনের আনুষ্ঠানিকতা আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টায় ধউর সেতুর ওপর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সার্ভিস লেন ও মূল এক্সপ্রেসওয়ের কাঠামো এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে তুরাগ নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত না হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি স্থানীয় যানবাহনের জন্য উড়ালপথে দুই লেনের পৃথক দুটি সার্ভিস সেতু নির্মাণের নকশা করা হয়।
প্রায় ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ এই অংশের সার্ভিস লেনের নির্মাণকাজ গত আগস্টেই শেষ হয়েছে। এরই মধ্যে সড়কে পিচ ঢালাই, রোড মার্কিংসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে বুধবার থেকে সাধারণ যানবাহনের জন্য এটি ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।
আমার বাঙলা/ রাব্বি
Source link
