শাস্তি মাথায় নিয়ে এশিয়া কাপে বাঁচামরার লড়াইয়ে নামছে বাংলাদেশ
নারী এশিয়া কাপে আজ (মঙ্গলবার) বাঁচামরার লড়াই বাংলাদেশের। সেমিফাইনালে উঠতে হলে সংযুক্ত আরব আমিরাতকে হারাতেই হবে। কেননা আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ বাঁচামরার এই লড়াইয়ে নামার আগে শাস্তি পেলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে পুরো দলকে। ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা দিতে হবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের।
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। সময়ের অনুমোদিত ছাড় বিবেচনার পরও বাংলাদেশ এক ওভার পিছিয়ে থাকায় এই শাস্তি দেওয়া হয়।
এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জি এস লক্ষ্মী বাংলাদেশকে এই জরিমানা করেন। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজেদের অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচে বাংলাদেশ দলের বিরুদ্ধে অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান।
এমএমআর
