রাজশাহীতে সবজির বাজার স্থিতিশীল, দাম বেড়েছে ডিম-মুরগির
রাজশাহীর বাজারে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও অধিকাংশ সবজির দাম স্থিতিশীল। তবে সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিম ও মুরগির দাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেব বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
বর্তমানে বাজারে শসা ৪০ টাকা, করলা ৩০, আলু ২০-২৫, পেঁয়াজ ৪৫-৫০, পটল ৩০, ঢেঁড়স ২৫-৩০, বেগুন ৮০-৯০, ফুলকপি ৬০-৭০, ঝিঙা ৩০, চিচিঙ্গা ৩০, বরবটি ৪০, কচুর লতি ৪০, কাঁচা পেঁপে ২০ এবং মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচাকলা প্রতি হালি ২৫ টাকা, ওল ৩০, লাউ প্রতিটি ৩০ এবং চালকুমড়া প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে গত সপ্তাহের মতো গাজর ও টমেটোর দামও স্থিতিশীল রয়েছে। বাজারে গাজর ১৪০ টাকা এবং টমেটো ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১৮০ টাকা, নাটোরের রসুন ৮০ এবং দেশি রসুন ১৬০-১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দামেও বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি।

গত সপ্তাহের তুলনায় বেড়েছে মুরগি ও ডিমের দাম। দেশি মুরগির ডিম প্রতি হালি ৭৫-৮০ টাকা, হাঁসের ডিম ৭০, ফার্মের লাল ডিম ৪৮ এবং সাদা ডিম ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির মধ্যে ব্রয়লার ১৮০ টাকা, সোনালি ২৫০-২৬০, দেশি মুরগি ৫৫০, সাদা লেয়ার ২৯০, লাল লেয়ার ৩৪০, ফাউমি ৩৩০ এবং হাঁস ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, রাজশাহীর বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ থাকায় সবজির দাম কিছুটা কম। তবে রাজশাহীতে গত কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি থাকলে সবজির দাম বেড়ে যাবে বলে জানান তারা। এদিকে দাম স্থিতিশীল থাকায় বাজারে ক্রেতাদের উপস্থিতিও ভালো বলে জানান বিক্রেতারা।
মাস্টারপাড়া বাজারে সবজি কিনতে আসা মতিয়ার রহমান বলেন, ‘সবকিছুর দাম গত সপ্তাহের মতোই আছে। তবে বেগুনের দাম বেড়েছে। এছাড়াও ডিম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে হালিতে ৪ টাকা বেড়েছে। এছাড়াও মুরগির দামও কিছুটা বেড়েছে বলে জানান তিনি। তবে মাছের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।’
বাজার করতে আসা ফাতেমা বেগম বলেন, ‘রাজশাহীতে এখন সবজির দাম অনেক কম। তবে অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে যাচ্ছে। পরে অন্য জিনিসপত্রের দাম কমলে সবজির দাম বেড়ে যাবে।’
সবজি বিক্রেতা আলী আকবর বলেন, ‘রাজশাহীর বাজারে সবজির সরবরাহ ভালো আছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন পর্যাপ্ত সবজি আসছে। তাই গত সপ্তাহের মতো এ সপ্তাহেও সবজির দাম একই। তবে বাজারে বেগুনের দাম বেড়েছে।’
আরেক বিক্রেতা মুস্তাফিজুর রহমান বলেন, ‘গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে এ সপ্তাহে সবজির দামে তেমন কোনো পরিবর্তন নেই। বরং প্রায় সব ধরনের সবজির দাম আরও কমেছে। কাঁচামরিচের দামও এখন অনেক কমে গেছে। বাজার এভাবে স্থিতিশীল থাকলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই ভালো।’

মাছের বাজারেও গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। রুই ২৭০-৩০০ টাকা, কাতলা ৩০০-৩৫০, তেলাপিয়া ১৭০-২১০, পাঙাশ ১৮০-২০০, চাষের কৈ ২০০-২২০, চাষের শিং ৩০০-৩৫০, টেংরা ৬০০-৭০০, বোয়াল ৬৫০-৮০০, চিংড়ি ৬৫০-৯০০, কোরাল ৭৫০, দেশি কৈ ৮০০-১০০০ এবং দেশি শিং ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজশাহী স্টেশন বাজারের মুরগী ব্যবসায়ী হৃদয় আহমেদ বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহে পোল্ট্রি মুরগী ১৫০-১৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে এই সপ্তাহে ২০ টাকা বাড়িয়ে ১৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। রাজশাহীতে বৃষ্টি থাকলে দাম আরও বাড়বে বলে জানান তিনি।
একই বাজারের ডিম ব্যবসায়ী হাফিজ উদ্দিন বলেন, হালিতে ৪ থেকে ৬ টাকা এবং ডজনে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ৪০ টাকা হালির সাদা ডিম আজকে বাজারে ৪৪-৪৫ টাকায় বিক্রি হচ্ছে এবং লাল ডিম ৪৮-৫০ টাকা হালি বিক্রি হচ্ছে। অন্যান্য ডিমের দামেও পরিবর্তন এসেছে। এছাড়াও খুচরা পর্যায়ে ডিমের দাম আরও বেশি বলে জানান তিনি।’
মনির হোসেন মাহিন/কেজে/এএসএম
