September 5, 2026

একই স্থানে বিএনপি-জামায়াতের নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি

0
og_1788600588_6a9be10c6d4a0.jpeg


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পরে উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নদীর ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ সেপ্টেম্বর উপজেলার করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এতে উভয় পক্ষই প্রতিযোগিতায় বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানকে বিশেষ অতিথি করা হয়।

বিএনপি আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ৭-৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু আমাদের মঞ্চের পাশে আরও একটি মঞ্চ তৈরি করে ৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন। পরে উভয় পক্ষের লিখিত পেয়ে প্রশাসন নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের ঘোষণা দিয়ে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।’

তিনি আরও বলেন, ‘নৌকাবাইচ প্রতিযোগিতা আমাদের ঐতিহ্য। এটা বন্ধ হতে দেওয়া ঠিক হবে না। আমরা সবাই মিলেমিশে প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করছি।’

জামায়াত আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ‘আমরা ৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতা করার প্রস্তুতি শুরু করেছিলাম। কিন্তু প্রধান অতিথি বিদ্যুৎমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি উপস্থিত হতে পারবেন না। এই বিষয়টি বুঝতে পেরে আমাদের প্রতিযোগিতা বন্ধের জন্য বিএনপির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। পরে আমরাও জামায়াতের পক্ষ থেকেও একটি অভিযোগ দিয়েছি।’

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, ‘নৌকাবাইচ প্রতিযোগিতার বিষয়ে দুটি পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এম এ মালেক/কেজে/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *