September 8, 2026

মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানে না কর্তৃপক্ষ

0
sadiya-20260908201314.jpg


নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর কামাল তালুকদার। প্রায় দুই মাস ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। অভিযোগ উঠেছে মেডিকেল ছুটি নিয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন তিনি। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সহকারী শিক্ষকেরা।

সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জুলাই মো. নুর কামাল তালুকদারকে অর্ধগড় বেতনে বহিঃবাংলাদেশ ভ্রমণের জন্য ১৫ দিনের শর্তসাপেক্ষ ছুটি দেওয়া হয়। প্রাথমিক শিক্ষার ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত ওই অফিস আদেশে ছেলের সঙ্গে দেখা করতে তাকে দক্ষিণ কোরিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়।

তবে অফিস আদেশে বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার শর্ত ছিল।

অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক নুর কামাল তালুকদার বিদেশ যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ক্লাস্টার কর্মকর্তা বা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাননি। পরে তিনি আরও তিন মাসের মেডিকেল ছুটির আবেদন করেন।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিদেশ ভ্রমণের ১৫ দিনের ছুটির বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার জানা ছিল না। পরে প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই এক মাসের মেডিকেল ছুটি মঞ্জুর করা হয়। এরপর থেকেই তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলি ও ময়না আক্তার বলেন, প্রায় দুই মাস ধরে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসছেন না। তিনি মেডিকেল ছুটিতে আছেন বলে তারা জানেন। তবে তিনি ছেলের কাছে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন বলেও শুনেছেন। তার অনুপস্থিতিতে শ্রেণি কার্যক্রম চালু রাখা গেলেও প্রশাসনিক বিভিন্ন কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে।

ওই দুই শিক্ষক আরও বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাচ্ছেন না।

প্রধান শিক্ষক মো. নুর কামাল তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

খালিয়াজুড়ি উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান বলেন, বিদেশ যাওয়ার জন্য ১৫ দিনের ছুটির বিষয়টি না জানিয়েই প্রধান শিক্ষক তিন মাসের মেডিকেল ছুটির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে এক মাসের ছুটি মঞ্জুর করা হয়েছিল। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি ছেলের কাছে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

তিনি বলেন, নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরও তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন পাঠানো হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজম বলেন, বিষয়টি তিনি সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন। মেডিকেল ছুটি নিয়ে বিদেশে অবস্থান করলে তা বিধিমালা লঙ্ঘনের বিষয় হতে পারে। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বেতন-ভাতা বন্ধসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কামাল হোসেন/এনএইচআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *