ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়ির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুন্সিহাটি ওবায়দুল্লাহ সড়কে এ সংঘর্ষের শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষ চলার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা শাহীন আলমের বড় ভাই হাজি বিল্লাল মিয়ার সঙ্গে একই এলাকার আবু আহমেদের ছেলে ইলিয়াস মিয়া ও আওলাদ হোসেনের লোকজনের ১ দশমিক ৮১ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দেওয়া হয়েছিল। তবে সেখানে হাজি বিল্লাল মিয়ার পক্ষের আপত্তি জানিয়ে চলে আসেন বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয়পক্ষের লোকজনের পাল্টাপাল্টি পোস্ট দেওয়ার ঘটনাতেও উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সকালে সেই উত্তেজনার মধ্যেই উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/জেআইএম

