বিএনপি সরকারের সঙ্গে বাকশালের কোনো পার্থক্য নেই: কর্নেল অলি
বিএনপি সরকারের সঙ্গে বাকশালের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১-দলীয় ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমদ।
তিনি বলেছেন, দেশের মানুষ এখন বিএনপি সরকারের পরিবর্তন চায়। এই সরকার পরিবর্তন হয়ে ‘চিরদিনের জন্য’ চলে যাক। বিএনপি সরকারের সঙ্গে বাকশালের কোনো পার্থক্য নেই।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আহমদ বলেন, আজকে দেশকে সবার জন্য নিরাপদ করতে হবে। আমরা সবাই আল্লাহর কাছে সেটি চাই। আমরা চাই, এ সরকার (বিএনপি) পরিবর্তন হোক, চিরদিনের জন্য চলে যাক।
বিএনপি সরকারের সমালোচনা করে এলডিপি চেয়ারম্যান বলেন, এ সরকারের সঙ্গে বাকশালের কোনো পার্থক্য নেই। সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, তারা বলেছিল ক্ষমতায় গেলে এক লাখ লোকের চাকরি দেবে। এখন এক লাখ লোকের চাকরি গেছে।
মৌলবাদ নিয়ে বক্তব্যের সমালোচনার জবাব দিয়ে কর্নেল অলি বলেন, মৌলবাদী মানে যারা মূল মন্ত্রে বিশ্বাস করে। আমরা তো উগ্রবাদী নই।
১১ দলীয় ঐক্যের লংমার্চে মানুষের উপস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, তিন হাজার গাড়ি রাস্তায় মিছিল হয়েছে। আমি কখনো এমন ঘটনা শুনিনি। আজকের আয়োজন শুধু পথসভা নয়, এটি বিশাল জনসভা। এত বড় জনসভা আমি কখনো দেখিনি।
এমআরএএইচ/এমকেআর

