দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার
রাজধানীর দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন।
গ্রেফতাররা হলেন– মো. হাসান (২১), মো. সায়েম (১৯), মোকলেছুর রহমান (২৫), রাহিম সিকদার (২২), গোলাম রহমান (৩০), মেহরাজ হাসান অন্তর (২০) ও শাকিল আহম্মেদ হৃদয় (২৫)।
ফইম উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর গ্যাংয়ের দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের একটি ঘটনা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের। এরপর দক্ষিণখান এলাকায় অভিযান জোরদার করা হয়।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় শনিবার দক্ষিণখান থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে ১৬৩টি ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/এমকেআর
