বাড়ি থেকে সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার মৃত অন্তঃসত্ত্বা স্ত্রী কন্যা ও পর
মেক্সিকোয় নিজ বাড়ি থেকে এক সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই বাড়ি থেকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা ও এক পরিচারিকার মরদেহও উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত সংগীতশিল্পীর নাম হনাতান মেলেন্দেজ। তার বয়স ৩৮ বছর। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেক্সিকোর নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। একই ঘটনায় তার ৩৫ বছর বয়সী স্ত্রী আনা পাউলা মেলেন্দেজ, তিন বছরের কন্যা এবং ২১ বছর বয়সী এক গৃহপরিচারিকাও নিহত হয়েছেন। আনা পাউলা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। অপরজনকে পেছন দিক থেকে গুলি করা হয়েছিল। ঘটনার সময় বাড়িতে থাকা ছয় বছরের আরেক শিশু অক্ষত অবস্থায় বেঁচে যায়। পরিবারের পোষা কুকুরটিকেও বাড়ির ভেতর বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
হনাতান মেলেন্দেজ একটি সংগীত দলের কিবোর্ড বাদক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ব্যান্ড। হঠাৎ এমন হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
ঘটনার তদন্তে নেমে এরই মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন নিহত সংগীতশিল্পীর ব্যবসায়িক অংশীদার বলে জানা গেছে। তদন্তকারীদের ধারণা, পরিচিত ও বিশ্বাসভাজন হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ওই ব্যক্তি বাড়িতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যবসায়িক বিরোধ, ব্যক্তিগত সম্পর্কসহ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে ঘটনাটির সঙ্গে গ্রেফতার দুজনের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
একই পরিবারের একাধিক সদস্যসহ পরিচারিকার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পেছনে কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত অব্যাহত রেখেছে মেক্সিকোর আইনশৃঙ্খলা বাহিনী।
এমএমএফ


