নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা ও মনিটরিং করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে আমদানি সহজীকরণ, প্রয়োজন অনুযায়ী শুল্ক ও করসংক্রান্ত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
এছাড়া নিম্নআয়ের জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা সুরক্ষার লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ভোজ্যতেল, চিনি, আটা, ডাল, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং এসব পণ্যের মূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকার সাপ্লাই চেইন (সরবরাহ ব্যবস্থা) স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
এ লক্ষ্যে উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী পর্যায়ে পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি ও কৃত্রিম সংকট প্রতিরোধে বাজার তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রয়োজনীয় পণ্যের আমদানি সহজীকরণ, শুল্ক ও করসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সমন্বয় এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি বাজারে মূল্যচাপ কমিয়ে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।
এমওএস/এসএইচএস


