দেড় কোটি টাকার পণ্য নিয়ে তিতাসে নৌকাডুবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে প্রায় দেড় কোটি টাকার পণ্য নিয়ে একটি নৌকা ডুবে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া নৌকা এবং মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয় লোকজন কাজ শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিলে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল। এসময় তিতাস নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। পরে নৌকাটি কাত হয়ে উল্টে যায়। এতে নৌকায় থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়। নৌকাটিতে অতিরিক্ত পণ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।
বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।
আবুল হাসনাত মো. রাফি/এফএ
