August 31, 2026

ট্রাম্প বক্তব্যে কী বলবেন তা নিয়ে বাজি, হোয়াইট হাউজ কর্মীর জরিমানা

0
t-p-x001-mte7vdphb4g9heq-20260829161204.jpg


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্যে কী বলবেন তা নিয়ে বাজি ধরতে ভেতরের তথ্য ব্যবহার করার দায়ে হোয়াইট হাউজের সাবেক এক কর্মীকে ১ লাখ ৭২ হাজার ডলারের বেশি জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত গ্যাব্রিয়েল পেরেজ টেলিপ্রম্পটার অপারেটর ছিলেন। সাধারণত বক্তারা টেলিপ্রম্পটারে থাকা লেখা দেখে দেখে টেলিভিশনে ভাষণ দেন। মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন ভাষণে কী বলবেন, তা নিয়ে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ‘কালশি’ প্লাটফর্মে লেনদেন করার দায়ে গ্যাব্রিয়েলকে অভিযুক্ত করা হয়েছে। এই প্লাটফর্মটিতে বাস্তব দুনিয়ার বিভিন্ন ঘটনার ওপর ব্যবহারকারীরা বাজি ধরতে পারেন।

এমন প্লাটফর্মগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থা কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন (সিএফটিসি) জানিয়েছে, গ্যাব্রিয়েলকে বাজি ধরে আয় করা ১ লাখ ৭ হাজার ৫৩৯ দশমিক ২ ডলার ফেরত দিতে হবে। সেই সঙ্গে ৬৫ হাজার ডলার জরিমানা গুনতে হবে।

সিএফটিসি বলছে, গ্যাব্রিয়েল তার দায়িত্বের বিশ্বাস ও আস্থা লঙ্ঘন করে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে আগে থেকে জানা তথ্যের ‘অপব্যবহার’ করে বাজি ধরেছিলেন। তবে তদন্তে দৃষ্টান্তমূলক সহযোগিতার জন্য তার জরিমানা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তিন বছরের জন্য তাকে এমন বাজির লেনদেন থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউজ এখনো কোনো মন্তব্য করেনি। তবে জুলাইয়ে তৎকালীন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছিলেন, গ্যাব্রিয়েল বিনা বেতনে ছুটিতে রয়েছেন এবং তিনি আর তার পদে ফিরবেন না।

সূত্র: বিবিসি

একিউএফ/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *