বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট
নেপালে ভয়াবহ বন্যার মধ্যে পানিতে ভেসে যাওয়া একটি ব্যাংকের লকার ঘিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বন্যার স্রোতে লকারটি বহু দূরে ভেসে যাওয়ার পর সেটি ভেঙে ভেতরের অর্থ নিয়ে যাওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রাসুয়া জেলার ভোতেকোশি এলাকায় বন্যার পানিতে লকারটি ভেসে যায়। পরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে সেটি পাওয়া যায়।
ধাদিং পুলিশ জানিয়েছে, স্থানীয় কয়েকজন লকারটি ভেঙে ভেতরের অর্থ নিয়ে গেছে—এমন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর তদন্ত শুরু করা হয়।
প্রাথমিক তল্লাশিতে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের বেশিরভাগই গালছি-৪-এর মাস্টার এলাকার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন গালছি-৬-এর আদমঘাট এবং সিদ্ধলেক-৭-এর আদমতার এলাকার বাসিন্দা। অন্য কয়েকজনের বাড়ি চিতওয়ান ও পারসায় হলেও তারা বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন।
আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।
উদ্ধার করা টাকার প্রকৃত উৎস ও মালিকানা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
বন্যার মরদেহ থেকেও স্বর্ণালংকার চুরি
এদিকে নেপালে বন্যার মধ্যে আরেকটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। নারায়ণী নদীতে বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। ভিডিওতে দুই ব্যক্তিকে বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে।
বন্যায় মৃত্যু ৬২৬, নিখোঁজ ২ হাজার ৪২৬
এর মধ্যে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, বন্যায় নিশ্চিত মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।
শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। নতুন হিসাবে নিখোঁজ নেপালির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনেই অপরিবর্তিত রয়েছে।
বন্যার তিন দিন পরও দেশের বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। ফলে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম
