কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার
কক্সবাজার সদর থানার জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে (২৪) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৩০ আগস্ট) র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার সদর থানার মামলা নম্বর-৫৮ এর এজাহারভুক্ত এক নম্বর আসামি মো. আরিফ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন। ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০২/৩৪ ধারায় মামলা করা হয়েছে।
এর ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটের দিকে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ দল বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক মোড় এলাকার আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতরে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর পলাতক আসামি আরিফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফ কক্সবাজার সদর থানার তেতৈয়া এলাকার মো. হোসেনের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এসএনআর
