‘আমি ফুটবলার, ফুটবলে কাজ করলে আরও স্বাচ্ছন্দ্যবোধ করতাম’
দেশে পেশাদার ফুটবল লিগ প্রবর্তনের পর একজন মাত্র স্থানীয় ফুটবলার সর্বাধিক গোলদাতা হয়েছিলেন। তিনি এনামুল হক। আবাহনীর জার্সিতে তিনি তৃতীয় আসরে ২১ গোল করে জিতেছিলেন গোল্ডেনবুট। ২০০৯-১০ মৌসুমে আবাহনীর তৃতীয় শিরোপা জয়ের প্রধান নায়ক ছিলেন নওগাঁয়ের এই যুবক।
পেশাদার ফুটবল লিগে একমাত্র স্থানীয় ফুটবলার হিসেবে গোল্ডেনবুট জয়ী এনামুলকে কিছুদিন আগে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবলার এনামুল হক এখন কাজ করবেন হ্যান্ডবলের উন্নয়নে। নতুন এই দায়িত্ব নিয়ে জাগো নিউজকে বলেছেন ফুটবলে কাজ করতে পারলে আরো স্বাচ্ছন্দবোধ করতাম।
জাগো নিউজ: আপনি একজন ফুটবলার। খেলা ছেড়ে নিজ এলাকায় খেলোয়াড় তৈরি করতে একাডেমিও পরিচালনা করেন। জাতীয় ক্রীড়া পরিষদ আপনাকে হ্যান্ডবলে কাজ করতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক করেছে। নতুন দায়িত্ব কিভাবে দেখছেন?
এনামুল হক: আমি ফুটবলার, ফুটবলে কাজ করলে আরো বেশি স্বাচ্ছন্দবোধ করতাম। তবে সরকার যেহেতু আমাকে হ্যান্ডবলে কাজ করতে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করবো নিজের সর্বোচ্চ দেওয়ার।
জাগো নিউজ: বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো কাজে ডেকেছে কখনো?
এনামুল হক: বাফুফেতে তো কাজ করার কোনো সুযোগ নেই। আর না ডাকলে তো যেতে পারি না। তাই অন্য যেখানে কাজ করার দায়িত্ব পাবো সেখানেই করবো।
জাগো নিউজ: ফুটবল উন্নয়নের জন্য বাফুফের কার্যক্রম নিয়ে কি বলবেন?
এনামুল হক: আমরা যদি জেলার ফুটবলের দিকে তাকাই তাহলেই পরিস্কার দেশের সার্বিক ফুটবলের কি অবস্থা। এই কমিটি জেলার ফুটবল উন্নয়নে কি করেছে? জেলার ফুটবলের কোনো খবরই তারা নেয়নি। এভাবে তো ফুটবলের উন্নতি হবে না।
জাগো নিউজ: জেলার ফুটবল উন্নয়নে আপনার কি পরামর্শ?
এনামুল হক: দেশে তো অনেক লাইসেন্সধারী কোচ আছে। তাদের জেলায় জেলায় কাজে লাগানো যেতে পারে। বাফুফে তাদের কাজে লাগায় না। ৬৪ জেলায় ভালো মানের ৬৪ জন ফুটবলার পাওয়া অসম্ভব না।
জাগো নিউজ: কখনো হ্যান্ডবল খেলেছেন?
এনামুল হক: আমাদের নওগাঁ জেলায় হ্যান্ডবলের প্রচলন বেশি। এখানে লিগও হয়। আমি আগে টুকটাক খেলেছি।
জাগো নিউজ: হ্যান্ডবল নিয়ে আপনার পরিকল্পনা কি?
এনামুল হক: আমি নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব। সব এখানে সব খেলার জন্য কাজ করার সুযোগ আছে। এখন আমাকে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক করায় হ্যান্ডবল নিয়ে আলাদাভাবে কাজের সুযোগ তৈরি হলো।
জাগো নিউজ: নারী হ্যান্ডবলে নওগাঁর সুনাম আছে। জাতীয় নারী হ্যান্ডবল দলে অনেক খেলোয়াড় থাকেন এই জেলার। এখানকার লোকাল হ্যান্ডবলের খেলাধুলার কি অবস্থা?
এনামুল হক: এখানে নারী হ্যান্ডবল লিগ হয়। কিছুদিন ধরে বন্ধ আছে। আমি সবাইকে বলেছি আবার নারী হ্যান্ডবল লিগ শুরু হবে। জেলার বিভিন্ন উপজেলা কিংবা ক্লাব দিয়ে আমরা লিগ আয়োজনের পরিকল্পনা করছি।
জাগো নিউজ: ধন্যবাদ।
এনামুল হক: আপনাকেও ধন্যবাদ।
আইএইচএস/
