August 30, 2026

লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ

0
elec-1-20260830205242.jpg


নারায়ণগঞ্জের আড়াইহাজারে লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখা শেয়ার দেওয়ায় এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং ২০ হাজার টাকা আদায় করা হয়। সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে আড়াইহাজার উপজেলার সদরের নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আরাফাত (২২)। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি গোপালদী বাজারে কাপড়ের ব্যবসা করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জিম শেষ করে আড়াইহাজার বাজারের দিকে যাচ্ছিলেন আরাফাত। এসময় আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান সানির নেতৃত্বে চার থেকে পাঁচজন তাকে ধরে নিয়ে যান। তাকে শহীদ মিনারের পাশে কল্যাণ পরিষদে নেওয়ার পর হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে পরিবারের কাছে ফোন করে তার মুক্তির বিনিময়ে টাকা দাবি করা হয়।

পরিবারের সদস্যরা জানান, অপহরণকারীদের দাবির পর তারা ২০ হাজার টাকা দিতে বাধ্য হন। টাকা দেওয়ার পরও তাকে মারধর করা হচ্ছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এসময় আরাফাতকে উদ্ধার করা হয়।

আরাফাতের চাচা শ্রমিকদলের বিশনন্দী ইউনিয়ন শাখার সহসভাপতি দাইয়ান ফকির বলেন, ‌“আমার ভাতিজা লোডশেডিং নিয়া একটা পোস্ট শেয়ার দিয়েছিল। এজন্য তারে ছাত্রলীগ বইলা মারধর করছে। কিন্তু আমি নিজে রাজনীতি করি শ্রমিকদলের। আরাফাতের বাবাও বিএনপি করেন। আমার ভাতিজাকে মারধর কইরা ‘ও ছাত্রলীগ করে, সাবেক এমপি বাবুর লোক’ বলে জোরপূর্বক একটা ভিডিও করে রাখে মোবাইলে।”

তবে, এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আতাউর রহমান সানির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন বলেন, ‘আরাফাত নামের ছেলেটিকে মারধর করার খবর পেয়েছি। অভিযুক্ত সানিকেও আমি চিনি। আমি আড়াইহাজার ছিলাম না। আমাকে ফোনে জানানো হয়েছে। তবে অপরাধমূলক কোনো কর্মকাণ্ড করলে সে ছাত্রদল কিংবা যেই হোক; তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন। বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘ক্লাবের ভেতরে আটকে রেখে ছেলেটিকে মারধর করা হয়েছে। তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএমএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *