দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোর ধাক্কায় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মধুখালী উপজেলার বনমালীদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের বনমালীদিয়া এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার প্রাণ হারান। এ দুর্ঘটনায় বাসের আরও অন্তত ২০ জন যাত্রী আহত হন।

পরে খবর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জাগো নিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম/ইএ
