September 1, 2026

লিখিত-মৌখিক পরীক্ষায় প্রক্সি, যোগদান করতে এসে ধরা

0
og_1788272239_6a96de6f09ac5.jpeg


অন্যকে দিয়ে (প্রক্সি পরীক্ষার্থী) পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করা এক চাকরিপ্রার্থীকে আটক করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সিসিটিভি ফুটেজ দেখে তাকে আটক করা হয়।

আটকের পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পিএসসি।

গ্রেফতার মো. রিপন হোসেন মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলার বাহা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নূরুল ইসলাম ও মায়ের নাম হামিদা বেগম। তিনি পিএসসি সচিবালয়ের অধীনে অফিস সহায়ক পদের প্রার্থী ছিলেন। তার রোল নম্বর ২১০১১৮৭।

পিএসসি জানিয়েছে, মঙ্গলবার চাকরিতে যোগ দিতে পিএসসি সচিবালয়ে উপস্থিত হন রিপন হোসেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই করতে গিয়ে প্রবেশপত্রের ছবির সঙ্গে মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারা মিলিয়ে দেখেন। পাশাপাশি বর্তমান উপস্থিত রিপন হোসেনের চেহারার সঙ্গেও তা যাচাই করা হয়। এতে তার পরিচয় নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপ-পরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। পরে কর্মকর্তারা রিপন হোসেনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করেন। একপর্যায়ে প্রক্সি পরীক্ষার্থী ব্যবহারের বিষয়টি প্রমাণিত হয়।

পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখার পর জিজ্ঞাসাবাদে রিপন হোসেন নিজেই স্বীকার করেন যে, ওই নিয়োগের লিখিত ও মৌখিক- কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

এএএইচ/বিএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *