August 30, 2026

মিরাজ শেখকে কোস্টগার্ড তুলে নিয়েছে, তদন্তে স্বাধীন সংস্থা চান নূর খান

0
img-20260824-wa0012-20260824145742-mt70di1b7ku1g7f-20260824151635.jpg


বাগেরহাটের মোংলায় নিখোঁজ মিরাজ শেখকে (৩০) কোস্টগার্ডের সদস্যরা তুলে নিয়ে থাকতে পারেন বলে দাবি করেছেন মানবাধিকারকর্মী নূর খান লিটন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবর্তে স্বাধীন কোনো সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা ও জেলে মিরাজ শেখের নিখোঁজের ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে নূর খান লিটন বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও কিছু ডিজিটাল প্রমাণ থেকে মিরাজকে কারা নিয়ে গেছে, সে বিষয়ে পথনির্দেশনা পাওয়া যাচ্ছে। এপ্রিলের ১০ তারিখে মিরাজ শেখকে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর সাক্ষী এবং কিছু ডিজিটাল এভিডেন্স সবকিছু মিলিয়ে স্পষ্ট কিছু পথনির্দেশনা দেয় যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে।

তিনি বলেন, কোস্টগার্ডের কতিপয় সদস্য এই ঘটনার সঙ্গে যুক্ত, পুরো বাহিনীর ওপর তো তদন্ত আমরা দাবি করছি না।

মিরাজ শেখের পরিবারের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরে নূর খান লিটন বলেন, কোস্টগার্ডের বিরুদ্ধে পরিবারের অভিযোগ রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছেও কোস্টগার্ডের সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ তৈরি হয়েছে।

তিনি বলেন, পুলিশ জিডির তদন্ত করছে। আর কোস্টগার্ডের বিরুদ্ধে হচ্ছে পরিবারের অভিযোগ এবং আমরা যারা ওখানে গিয়েছি, আমাদের কাছে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে যে কোস্টগার্ডই তাকে তুলে নিয়েছে।

এ ঘটনায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নূর খান লিটন বলেন, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ থাকলে একই বাহিনী বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্ত করা কঠিন। তাই তদন্তের দায়িত্ব স্বাধীন কোনো সত্তার কাছে দেওয়ার প্রস্তাব দেন তিনি।

তিনি আরও বলেন, মানবাধিকার কমিশনের অধীনে পুলিশের কর্মকর্তাদের দিয়ে তদন্ত করানো যেতে পারে। সেটিও সম্ভব না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মতো একটি ব্যবস্থা অথবা পৃথক স্বাধীন তদন্তকারী সত্তা গড়ে তোলা প্রয়োজন।

নূর খান লিটন আরও অভিযোগ করেন, মিরাজ শেখের সন্ধান চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তার দাবি, এর ফলে প্রত্যক্ষদর্শীরা ভয়ে কথা বলতে চাইছেন না।

তিনি বলেন, প্রশ্ন তোলার কারণে সরকার বিব্রত হচ্ছে, নাকি ঘটনার কারণে বিব্রত হচ্ছে সেটি ভেবে দেখা প্রয়োজন। মিরাজ শেখকে যদি কোনো অপরাধের অভিযোগে আটক করা হয়ে থাকে তাহলে তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হাজির করা হোক।

মিরাজ শেখকে উদ্ধারের পাশাপাশি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান নূর খান লিটন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মিরাজ শেখ সুন্দরবনে মাছ ধরার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালান। গত ১০ এপ্রিল কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। সাড়ে চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি।

টিটি/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *