September 9, 2026

বদলি আদেশের পরও থানা ছাড়ছেন না ওসি

0
og_1788968692_6aa17ef475735.jpeg


বদলির আদেশ আসার দুদিন পেরিয়ে গেলেও দায়িত্ব হস্তান্তর করছেন না বলে অভিযোগ উঠেছে নওগাঁর সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের বিরুদ্ধে। বর্তমানে ওসি পদটি শূন্য থাকায় থমকে গেছে পুরো থানার প্রশাসনিক ও আইনি কার্যক্রম। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন কোনো কর্মকর্তা দায়িত্বে না বসায় থানায় জরুরি সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, আগের ওসি মিজানুর রহমানকে জয়পুরহাট জেলায় বদলি করা হলেও তিনি সদ্য যোগদানকৃত নতুন ওসি শাহীন রেজাকে এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেননি। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ সই করা এক বিজ্ঞপ্তিতে ৬ সেপ্টম্বরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মিজানুর রহমানকে জনস্বার্থে জয়পুরহাটে বদলি করা হয়। তবে আদেশের দুদিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি তিনি।

আরেক আদেশে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহিন রেজাকে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করেন। নতুন ওসি শাহীন রেজা গতকাল থেকে থানায় থাকলেও বুঝিয়ে দেওয়া হচ্ছে না তাকে তার দায়িত্ব। দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় বর্তমানে থানায় প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে।
 
​ওসি না থাকায় থানায় নতুন মামলা দায়ের, সাধারণ ডায়েরি (জিডি), পুলিশ ক্লিয়ারেন্সসহ অন্যান্য আইনি ও জরুরি সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কোনো সমাধান না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
 
সাপাহার গাঞ্জাকুড়ি গ্রামের ষাটোর্ধ্ব আবুল কালাম আজাদ বলেন, ‌‘আমি সকাল ৯টা থেকে থানায় বসে আছি। বিকেল হয়ে গেল। ওসি নেই বলে কাজ হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমরা চরম ভোগান্তিতে পড়ব।’ 
 
সাপাহার পুরাতন মুহুরি পট্টি এলাকার শিক্ষার্থী জারিফ বলেন, ‘সকাল ১০টায় জিডি করার জন্য এসেছি। এখন ২টা বাজে, তবুও কাজ হয়নি। থানার অবস্থা থমথমে। জানতে পেরেছি পুরাতন ওসি নতুন ওসিকে দায়িত্ব বুঝে দেননি। এটা কেমন কথা! এটা ছোট বাচ্চাদের মতো আচরণ।’ 
 
এ বিষয়ে জানতে মোবাইলফোনে বারবার কল করা হলেও সাপাহার থানা থেকে সদ্য বদলি হওয়া ওসি মিজানুর রহমান রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। 
 
যোগদান করতে আসা ওসি শাহীন রেজা বলেন, ‘থানার চার্জ এখনো বুঝে পাইনি। আমি কাল থেকে থানায় আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
 
জানতে চাইলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন অফিসের আদেশে ওসি মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। নতুন করে সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রাতেই তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরও তিনি সেটি শুনছেন না।’ 
 
আরমান হোসেন রুমন/এসআর

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *