September 5, 2026

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক গুলিবিদ্ধ

0
og_1788590041_6a9bb7d9669fa.jpeg


ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্বজয়নগর সীমান্তের শূন্যরেখার কাছে নিজ জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। আহত মোশাররফ উপজেলার জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

​আহত কৃষক মোশাররফ জানান, শুক্রবার বিকেলে সীমান্তের কাছে নিজের জমিতে কাজ করছিলেন তিনি। এসময় কোনো উসকানি ছাড়াই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার পিঠের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

​চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলির কিছু অংশ বের করতে সক্ষম হলেও এখনো কিছু অংশ পেটের ভেতরে রয়ে গেছে বলে জানা গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তি শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

জানতে চাইলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। 

আবদুল্লাহ আল-মামুন/এফএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *