August 31, 2026

প্রশাসন অনেকটা নামমাত্র প্রশাসনে পরিণত হয়েছে: জামায়াত নেতা

0
og_1788159466_6a9525eace785.jpeg


প্রশাসন অনেকটা নামমাত্র প্রশাসনে পরিণত হয়েছে, প্রশাসনের জনবল আছে, প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামও আছে কিন্তু বাস্তবে সেই অনুযায়ী কাজ হচ্ছে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনের পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণখানের ৪৮ নম্বর ওয়ার্ডের বিদুরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

কর্মসূচিতে সেলিম উদ্দিন বলেন, ‘আমাদের প্রশাসন অনেকটা নামমাত্র প্রশাসনে পরিণত হয়েছে। প্রশাসনের জনবল আছে, প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামও আছে, কিন্তু বাস্তবে সেই অনুযায়ী কাজ হচ্ছে না।’

তিনি বলেন, দক্ষিণখানের বিদুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার একটি বড় স্তূপ ছিল। পরিচ্ছন্নতা কর্মীরা সেটি পরিষ্কার করে জায়গাটিকে সুন্দর করার পাশাপাশি ফুটপাতটি চলাচলের উপযোগী করেছেন।

ডিএনসিসির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশনকে কাল ও পরশু সময় দিচ্ছি। এ এলাকায় থাকা আরও যেসব ময়লার স্তূপ রয়েছে, সেগুলো যেন দ্রুত সরিয়ে নেওয়া হয়। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের চলাচলের বিষয়টি বিবেচনা করে ময়লাগুলো অপসারণ করা অত্যন্ত জরুরি।’

প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিজেরাই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আমাদের লোকেরাই এটি পরিষ্কার করবে।’

পরিচ্ছন্নতা কার্যক্রমকে মানবিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে দেশকে একটি মডেল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। সরকারের ভালো উদ্যোগকেও স্বাগত জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, বর্জ্যকে শুধু ময়লা হিসেবে দেখলে হবে না। রিসাইক্লিংয়ের মাধ্যমে বর্জ্য থেকে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিগগির বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কলম তৈরি করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে চাকরি নেই, তাই তরুণদের বিদেশে যেতে হবে এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা ঢাকার মধ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্যবস্থা করতে চাই।’

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চুরি, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটের সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান সেলিম উদ্দিন।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব দিয়ে দেখুন, আমরা আপনাদের জন্য কী করতে পারি। আমরা এই নগরীকে বদলাতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল সিটিতে গড়ে তুলতে চাই।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব ও পশ্চিম জোন পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জামাল উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. হাবিবুর রহমান, দক্ষিণখান পূর্ব থানা আমির মো. আবু সাঈদ, সেক্রেটারি ডা. জাকিরুল ইসলাম এবং দক্ষিণখান পূর্ব থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ।

এমইউ/এসএনআর

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *