September 3, 2026

প্রতিশোধ নিতে গেলে পাঁচ বছরেও শেষ হবে না: আতিকুর রহমান রুমন

0
pm-mtk1zcqddl175iq-20260902181504.jpg


অতীতের দুঃসময়ের স্মৃতি মনে রেখে প্রতিশোধ নিতে গেলে পাঁচ বছরেও তা শেষ হবে না বলে মন্তব্য করেছেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, তারেক রহমান অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে দেশের উন্নয়ন ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যেতে চান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘ সব ক্ষমতার উৎস এ দেশের জনগণ।’ জনগণ বিভিন্ন সময়ে তার প্রমাণ রেখেছেন। ১৯৭১ সালে প্রমাণ রেখেছে, স্বৈরাচার এরশাদকে হটিয়ে প্রমাণ রেখেছে। সর্বশেষ ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে শেখ হাসিনার মতো ‘দানব স্বৈরাচারকে’ হটিয়ে জনগণ সেই প্রমাণ রেখেছে।

তিনি বলেন, ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস। তাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছিল। এরপর তার ওপর অমানসিক নির্যাতন করা হয়। সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনো তিনি বহন করছেন। তবে তারেক রহমান নিজেই বলেছেন, তিনি সেই দিনগুলো মনে রাখতে চান না।

আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান চান দুঃসময়ের স্মৃতিগুলো পেছনে ফেলে দেশের উন্নয়ন করে সামনে এগিয়ে যেতে। পাঁচ বছর যদি প্রতিশোধ নিতেই চলে যায়, তাহলে দেশের জনগণ তারেক রহমানকে ভোটের মাধ্যমে যে আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী করেছেন, সেই উদ্দেশ্য সফল হবে না।

তিনি বলেন, বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, তখন তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করতে দেশ-বিদেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেখান থেকে এবার সবাইকে সতর্ক থাকতে হবে। যেন তারেক রহমানের ভালো কাজগুলো ভুলে যাওয়া না হয়।

বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানের ভালো কাজগুলো সফল করতে সবাইকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

কেএইচ/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *