September 8, 2026

ডাকসুর স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩ হাজার শিক্ষার্থী

0
og_1788881795_6aa02b83a69c0.jpeg


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘ডাকসু ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০ ডিগ্রি’-এ প্রায় তিন হাজার শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। এ ছাড়া দুই হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং প্রয়োজনীয় বিনামূল্যের ওষুধ নিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিশেষায়িত স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ডাকসুর আয়োজনে এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফ সেবা দেন।

ক্যাম্পে শিক্ষার্থীদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে চিকিৎসাসেবা নেওয়া শিক্ষার্থীরা পরবর্তীতেও একই চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে চেকআপের সুযোগ পাবেন। ফলে এককালীন স্বাস্থ্যসেবার পাশাপাশি ধারাবাহিক চিকিৎসাসেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ফেস্ট পরিদর্শনকালে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ডাকসুর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বর্তমান ডাকসুকে ‘যুগান্তকারী ডাকসু’ হিসেবে উল্লেখ করেন।

এ সময় তিনি ডাকসুর বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের অসহযোগিতার নিন্দা জানান। শিক্ষার্থী ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ডাকসুকে সহযোগিতা করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য চৌধুরী মাহমুদ হাসান।

ডাকসুর পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) সাদেক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খান, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কার্যকরী সদস্য আফসানা আক্তার ও সাবিকুন্নাহার তামান্না।

এ ছাড়া ন্যাশনাল ডক্টরস ফোরামের আহ্বায়ক মারুফ শাহরিয়ারসহ এনডিএফ ঢাকা সিটি সাউথের অন্যান্য দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে ‘ডাকসু ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০ ডিগ্রি’ আগামীকাল বুধবারও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আগ্রহী শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

এমএএইচ/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *