ডাকসুর ‘ঈদ কথন ২০২৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত ‘ঈদ কথন ২০২৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারিক প্যানেলে ছিলেন সমসাময়িক বাংলা সাহিত্যের কবি ও কথাসাহিত্যিক আশীফ এন্তাজ রবি, হাসান রোবায়েত ও কিঙ্কর আহসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী এশা বলেন, ডাকসুর এমন নান্দনিক ও ব্যতিক্রমী আয়োজনে বিজয়ী হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল কাজের মূল্যায়নে এ ধরনের উদ্যোগ নতুন অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উম্মা উসওয়াতুন রাফিয়া বলেন, বিচারিক প্যানেলে থাকা কবি ও সাহিত্যিকরা প্রতিযোগিতায় জমা পড়া বিপুলসংখ্যক লেখার মধ্য থেকে সেরা পাঁচজনকে নির্বাচিত করেছেন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর ডাকসুকে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের অসহযোগিতা ও বাজেটস্বল্পতার মধ্যেও ফ্রি হেলথ ফেস্ট, ইকো বাস, বিভিন্ন হলে কম্পিউটার ল্যাব ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন তিনি। দায়িত্বের এক বছর শেষে ডাকসুর কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ হিসাব ও জবাবদিহি প্রদানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরে প্রস্তুত বলেও জানান সাদিক কায়েম। একই সঙ্গে দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহীনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন খান (খান জসিম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আরটি/কেএসআর


