September 11, 2026

এক্সপ্রেসওয়েতে ২০ বাইকারের মোটরসাইকেল রেস, দুর্ঘটনায় একজনের মৃত্যু

0
og_1789144101_6aa42c2595bb1.jpeg


মাদারীপুর শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (২০) নামের এক বাইকারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা সংলগ্ন বাচামারা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সাকিবুল হাসান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ থেকে বন্ধুদের নিয়ে ১১টি বাইকসহ ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন তারা। এসময় তাদের সঙ্গে ফরিদপুর থেকে আরও ৯ জন বাইকার যুক্ত হন। ভাঙ্গা থেকে পদ্মাসেতু পর্যন্ত বাইক রেস করার কথা ছিল তাদের।

শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সাকিবুলের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় তার বন্ধুরা রক্তাক্ত অবস্থায় সাকিবকে রেখেই দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলেটি মারা গেছে। সে বন্ধুদের সঙ্গে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল। বন্ধুরা দুর্ঘটনা দেখে ঘটনাস্থল থেকে সরে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *