কবে কখন আসছে আইফোন ১৮, লঞ্চের আয়োজন দেখবেন যেভাবে
প্রযুক্তিপ্রেমীদের নজর এখন অ্যাপলের দিকে। নতুন আইফোন ঘিরে জল্পনা-কল্পনার মধ্যেই সংস্থাটি ঘোষণা করেছে তাদের পরবর্তী বড় লঞ্চ ইভেন্ট। আগামী ৯ সেপ্টেম্বর ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি এবারের অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। গুঞ্জন অনুযায়ী, নতুন এই ফোনটির নাম হতে পারে আইফোন আলট্রা।
শুধু আইফোন নয়, একই অনুষ্ঠানে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং এয়ারপডস ৫-ও উন্মোচন করতে পারে অ্যাপল। ফলে এবারের ইভেন্টকে ঘিরে প্রযুক্তি দুনিয়ায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
কখন দেখা যাবে অ্যাপল ইভেন্ট?
অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্ট অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। মূল অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। বাংলাদেশ সময় হিসাব করলে দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পারবেন রাত ১১টা থেকে। অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে অ্যাপল। সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এরই মধ্যে লাইভস্ট্রিমের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অ্যাপল টিভি এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও অনুষ্ঠানটি দেখা যাবে। ফলে নতুন ডিভাইসগুলোর ঘোষণা ঘরে বসেই সরাসরি দেখার সুযোগ থাকছে।
অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন আলট্রা!
এবারের অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত পণ্য হতে পারে আইফোন আলট্রা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এটি হবে অ্যাপলের প্রথম বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন। অর্থাৎ সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহার করার পাশাপাশি মাঝখান থেকে খুলে বড় স্ক্রিনে পরিণত করা যাবে।
ডিজাইনের দিক থেকে ফোনটি স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো হতে পারে। ফোনের ভেতরের বড় ফোল্ডেবল ডিসপ্লে স্যামসাংয়ের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লের মাঝখানে ভাঁজের দাগ বা ক্রিজ যাতে খুব বেশি চোখে না পড়ে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হতে পারে।
ক্যামেরার ক্ষেত্রেও প্রো মডেলের থেকে আলাদা হতে পারে আইফোন আলট্রা। গুঞ্জন অনুযায়ী, এতে তিনটি ক্যামেরার পরিবর্তে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে। ফোনের অভ্যন্তরীণ মাদারবোর্ডের নকশাতেও পরিবর্তন আনার কথা শোনা যাচ্ছে। এর ফলে ফোনের ভেতরের তাপ নিয়ন্ত্রণ আরও ভালো হতে পারে।
আইফোন ১৮ প্রো-তে কী থাকছে?
আইফোন আলট্রার পাশাপাশি আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাবনা রয়েছে। নতুন ফোনগুলোতে ব্যবহার করা হতে পারে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ২০ প্রো চিপসেট। এর ফলে পারফরম্যান্স ও শক্তি ব্যবস্থাপনায় উন্নতি দেখা যেতে পারে।
বাহ্যিক ডিজাইনে আগের আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় খুব বড় পরিবর্তন নাও থাকতে পারে। তবে ক্যামেরা মডিউলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ক্যামেরার লেন্স কাটআউট আরও বড় হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।
আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়েও রয়েছে বিশেষ আলোচনা। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের একটি পোস্টের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, অ্যাপলের ইভেন্ট পোস্টারে থাকা উজ্জ্বল লোগো ফোনটির সম্ভাব্য মেকানিক্যাল অ্যাপারচার প্রযুক্তির ইঙ্গিত হতে পারে। একই পোস্টারের স্কাই ব্লু রং নিয়েও নতুন কালার অপশনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
সঙ্গে আসতে পারে ওয়াচ সিরিজ ১২ ও এয়ারপডস ৫
আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১২-ও এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে। এতে আরও শক্তিশালী চিপসেট এবং নতুন স্বাস্থ্য-সংক্রান্ত ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এয়ারপডস ৫-এরও ঘোষণা হতে পারে। তবে মনে রাখতে হবে, আইফোন আলট্রার ডিজাইন, ক্যামেরা, চিপসেট কিংবা নতুন ফিচার নিয়ে প্রকাশিত বেশ কিছু তথ্য এখনও গুঞ্জননির্ভর। অ্যাপল আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করেনি। তাই চূড়ান্ত সত্য জানতে অপেক্ষা করতে হবে ৯ সেপ্টেম্বরের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্ট পর্যন্ত।
কেএসকে


