গরুর খামারে মিললো বিশাল আকৃতির অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গরুর খামার থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ইছবপুর এলাকার জসিম উদ্দিনের খামার থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইছবপুর এলাকার জসীম উদ্দিনের গরুর খামারে হঠাৎ অজগর সাপটি ঢুকে পড়ে। সাপটির উপস্থিতি টের পেয়ে খামারের গরুগুলো চিৎকার ও ছোটাছুটি শুরু করে। এ সময় শব্দ শুনে খামারের মালিক এগিয়ে গিয়ে ভেতরে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান।
পরে গরুগুলোর নড়াচড়া ও চিৎকারে অজগরটি খামার থেকে বের হয়ে আসে। এ সময় খামারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জসীম উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেবদীপ ঘটনাস্থলে যান। পরে তারা অজগরটি নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
মাহিদুল ইসলাম/কেএইচকে/এএসএম
