প্রথমবার যেখানে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান
দেশ ছেড়ে দূরদেশে বসবাস করলেও নিজের পরিচয়ের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাননি জায়েদ খান। অভিনয় ও পারফরম্যান্স নিয়েই যুক্তরাষ্ট্রে ব্যস্ত এই অভিনেতা এবার সরাসরি হাজির হচ্ছেন প্রবাসী বাঙালিদের বড় এক আয়োজনে।
ফ্লোরিডার অরল্যান্ডোতে ফোবানা সম্মেলনের মঞ্চে প্রথমবার পারফর্ম করতে দেখা যাবে তাকে।
২০২৪ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। প্রায় দুই বছর ধরে সেখানেই নিজের কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছেন তিনি। অন্য অনেক প্রবাসীর মতো নতুন কোনো পেশায় যুক্ত না হয়ে অভিনয় এবং নিজের স্বভাবসুলভ পারফরম্যান্সকেই সামনে রেখেছেন এই অভিনেতা।
সেই ব্যস্ততার ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাঙালি আয়োজন ফোবানা সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। ৪০তম ফোবানা সম্মেলন আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। অরল্যান্ডোর হলিডে ইন রিসোর্ট কিসিমিতে বসবে এবারের আসর।
তিন দিনের এই আয়োজনের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন জায়েদ খান। নাচে-গানে প্রবাসী বাঙালিদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি মঞ্চে নিজের পারফরম্যান্স দিয়ে দর্শকদের বিনোদিত করবেন তিনি।
নিজের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে জায়েদ খান বলেন, ‘আমেরিকায় এসেও আমি নিজের পরিচয়টা হারিয়ে যেতে দিইনি। সাংস্কৃতিক কাজেই আছি। বরং দেশের চেয়েও বেশি মনোযোগ দিয়ে কাজ করছি।’
ফোবানায় পারফর্ম করার সুযোগকে নিজের জন্য বিশেষ অভিজ্ঞতা হিসেবেও দেখছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘এবার প্রথমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে ফোবানার সম্মেলনে পারফর্ম করব। এত বড় আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সে জন্য আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা। আশা করছি বাঙালিদের সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা হবে।’
এবারের সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও অংশ নেবেন। দেশ-বিদেশের সফল বাঙালিদের পাশাপাশি বিভিন্ন তারকার উপস্থিতিতে তিন দিনের আয়োজনটি আরো জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।
যুক্তরাষ্ট্রে থেকেও জায়েদ খানের কাজ থেমে নেই। বিভিন্ন কাজ ও প্রকল্পে যুক্ত থাকার পাশাপাশি এবার কানাডায় নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সেই সিনেমায় অভিনেত্রী অধরা খানের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেতা।
বিদেশের মাটিতে জায়েদ খানের এই ব্যস্ততা তাই শুধু একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। অভিনয়, পারফরম্যান্স আর নতুন প্রকল্প সব মিলিয়ে দেশের বাইরে নিজের শিল্পী পরিচয়টাকেই সামনে রাখছেন তিনি।
এমআই/এলআইএ


